
নিজস্ব প্রতিনিধি :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই তাঁর রাজনীতির একমাত্র অগ্রাধিকার। অন্য কোনো দেশের নয়—সবার আগে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নিজের প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।
তিনি বলেন, হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা এখানে লক্ষ জনতা একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলেছি— দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।
বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি টাকা লুট হয়েছে। তার প্রমাণ ঢাকা থেকে সিলেটে আসতে যে সময় লাগে, লন্ডনে যেতে এত সময় লাগে না।
তারেক রহমান বলেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই। সেটা হয় দেশের ভেতর, না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই।
তিনি বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ‘৭১ সালে দেশের মানুষ দেখেছে।
এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

