
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২টি উন্নতমানের এয়ারগান এবং ৭২০ পিস এয়ারগানের গুলি (প্যালেট) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি চৌকস আভিযানিক দল সোমবার ভোর ৪টার দিকে শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে সুশৃঙ্খলভাবে রাখা ৭২০ পিস গুলি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী সোমবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান:
উদ্ধারকৃত এই ধরনের অস্ত্র সাধারণত আন্তঃজেলা ডাকাত দল ব্যবহার করে থাকে।
অস্ত্রগুলো কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো পক্ষ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে র্যাবের এই বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
কমান্ডার মোহাম্মদ নুর নবী আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

