
নিজস্ব প্রতিনিধি :
উত্তরখান থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উত্তরখান থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। জাতি আজ এক পরীক্ষিত দেশপ্রেমিক নেত্রীকে হারিয়েছে।”
তিনি আরও বলেন,
“ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শ বুকে ধারণ করে বিএনপি ও এর অঙ্গসংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখবে।”
এস এম জাহাঙ্গীর হোসেন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তির জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পুরো আয়োজনটি ছিল শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত।

