
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা শহরের (আসাদুজ্জামান মার্কেট) ১নং ট্রাফিক মোড়ে সড়কের পাশে শীতের আগমনের সাথে সাথে শুরু হয়েছে পিঠার জমজমাট উৎসব। বিকেল নামতেই মোড়জুড়ে ছড়িয়ে পড়ে ভাপা পিঠা, তেলভাজা পিঠা, কুলি পিঠা, পাটিসাপটা পিঠা ও চিটাই পিঠার মনমাতানো গন্ধ। শীতের হালকা কুয়াশা আর গরম পিঠার ঘ্রাণ মিলেমিশে এখানে তৈরি করছে এক আলাদা আনন্দমুখর পরিবেশ।
সুলভ মূল্যের কারণে এসব পিঠা এখন সবার প্রথম পছন্দ। প্রতিটি পিঠার দাম মাত্র ১০ টাকা, যা সহজেই সকল শ্রেণির মানুষের নাগালে। বিশেষ করে চিটাই পিঠার সঙ্গে রয়েছে পাঁচ ধরনের ভর্তা-আলু ভর্তা, সরিষা বাটা, ধনে ভর্তা, শুটকি ভর্তা ও বাদাম ভর্তা। এই ভর্তা ও পিঠার মিলন স্বাদে এনে দিচ্ছে বাড়তি মাত্রা।
এই মোড়েই এখন প্রতিদিন ১৫ থেকে ২০টি চুলায় একটানা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠা তৈরি হচ্ছে। কেউ পরিবার নিয়ে বসে খাচ্ছেন আবার কেউ ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছেন। সন্ধ্যার পর থেকেই যেন মানুষের ঢল নামে ১নং টাফিক মোড়ে। রাত যত গভীর হয়-পিঠাপ্রেমীদের ভিড় ততই বাড়তে থাকে।
স্থানীয়দের মতে, শীত এলেই এই মোড় হয়ে ওঠে গাইবান্ধার সবচেয়ে প্রাণবন্ত মিলনস্থল। গরম পিঠা, বিভিন্ন ভর্তার স্বাদ আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যেন শীতের রাতে এখানে তৈরি হয় এক অঘোষিত পিঠা উৎসব।
ব্যবসায়ীরাও জানালেন, এ বছর ভিড় আগের চেয়ে অনেক বেশি। সুলভ দাম, ঘরোয়া স্বাদ এবং নিরাপদ খাবারের নিশ্চয়তার কারণে মানুষ ভরসা করে ছুটে আসছেন ট্রাফিক মোড়েই।
শীতের কনকনে ঠান্ডায় গরম গরম পিঠার স্বাদ নিতে এখন এই মোড়ই গাইবান্ধা বাসীর প্রথম পছন্দ। শীত, পিঠা আর আনন্দের এই মিলনায়ন যেন পুরো মোড়টিকেই রূপ দিয়েছে উৎসবের রঙে।

