
মাসুম বিল্লাহ-খুলনা :
মহানগরীর দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু শেখ আড়ংঘাটা থানাধীন দক্ষিণ পাড়ার মোসলেম শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মন্টু শেখ পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। ঘটনার সময় তিনি মিনাক্ষী হলের পাশে ওয়াল্টন প্লাজার সামনে নিজের ইজিবাইকটি রেখে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে রাস্তা সংলগ্ন রোড ডিভাইডারের সাথে মাথায় প্রচণ্ড আঘাত পান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জিমও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ফিরোজ জানান, ঘটনার পর ঘাতক মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মন্টু শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শহরজুড়ে দ্রুতগামী মোটরসাইকেলের বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

