
বদিউজ্জামান-জলঢাকা নিলফামারী :
ছিটমীরগঞ্জ শালন গ্রাম কামিল (মাষ্টাস) মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সেশনের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদরাসার ইবতেদায়ি শাখার ১ম থেকে ৫ম শ্রেণি এবং দাখিল শাখার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখা-পড়ার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং পাঠ্যপুস্তকের সাথে সু-সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও বইয়ের যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু জাফ মো: ছালেহ, সহকারী অধ্যাপক, ছিটমীরগঞ্জ শালন গ্রাম কামিল মাদরাসা। তিনি শিক্ষার্থীদের নতুন বছরের শিক্ষাযাত্রা সুন্দরভাবে শুরু করার পরামর্শ দেন এবং নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বই বিতরণ শেষে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তাদের চোখেমুখে ছিল নতুন বছরের পড়াশোনা শুরুর উচ্ছ্বাস ও উদ্দীপনা।
এ সময় মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

