
নিজস্ব প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি-আমাদের উপ-প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন এবং জানাজায় অংশ নেবেন।’
ফাসিহ উল্লাহ খান আরও জানান, মোহাম্মদ ইসহাক দার আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন।
এর আগে, বেগম জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘বেগম জিয়া পাকিস্তানের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।’
অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় আসিফ আলি জারদারি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’
সূত্র : বাসস…

