
নিজস্ব প্রতিনিধি :
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
আজ তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
মনোনয়নপত্র দাখিল শেষে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে—এটাই জনগণের প্রত্যাশা।” তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব হয়ে আছে এবং তারা পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।
তিনি আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সংসদ হবে সত্যিকার অর্থে জনগণের কণ্ঠস্বর।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে নতুন সম্ভাবনার সূচনা হবে।

