
নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের করণীয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান সাইদুল ইসলাম পলাশ। তিনি বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় সংসদ) এবং সাবেক ২নং যুগ্ম আহ্বায়ক (ঢাকা মহানগর পশ্চিম) হিসেবে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি একটি বাস্তবভিত্তিক ও জনগণমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তরুণ সমাজের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন সজীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক আফফান আলী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি এবং সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্ররাজনীতির ভূমিকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুরো কর্মশালাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

