
নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার আবদার কলেজ রোড এলাকায় রফিকুল ইসলাম রবি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

