
আশরাফুল আলম সরকার-বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্নপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-৩ আসনের মানবিক নেতা অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গতকাল মাওনা চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং আগুনে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সময় বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। এই পরিবারগুলোর ক্ষতি কখনোই অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়, তবে সাময়িকভাবে তাদের কষ্ট লাঘবে আমরা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে পারি।”
স্থানীয় বাসিন্দারা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

