
মাসুম বিল্লাহ-খুলনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনা জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব আলী আজগর লবীর নেতৃত্বে এই র্যালিটি খুলনার ডুমুরিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন আলী আজগর লবী। এসময় ডুমুরিয়া ও ফুলতলাসহ খুলনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকায় সজ্জিত হয়ে হাজার হাজার কর্মী-সমর্থক ‘তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জিয়া-তারেক জিন্দাবাদ’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
র্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় আলী আজগর লবী বলেন, “দেশনায়ক তারেক রহমানের আগমনেই বাংলার আকাশে স্বাধীনতার সূর্য পূর্ণতা পাবে। খুলনার আপামর জনতা আজ রাজপথে নেমে প্রমাণ করেছে যে, তারা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন ত্বরান্বিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে খুলনার বিএনপি নেতা-কর্মীরা বরাবরের মতোই আপসহীন লড়াই চালিয়ে যাবে।
র্যালিতে খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে র্যালিটি সম্পন্ন হওয়ার পর নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২৫শে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই আনন্দঘন পরিবেশ পুরো জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে।

