
বিএনপির প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসছে- শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দিচ্ছে বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকায় একাধিক পরিবর্তন আসছে। দলটির মনোনয়ন তালিকায় নতুন নাম যুক্ত হচ্ছে এবং বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশ্বস্ত আন্দোলন সঙ্গীদের প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন বণ্টন সংক্রান্ত জটিলতা মীমাংসা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ একাধিক বৈঠকের মাধ্যমে জোট শরিকদের সঙ্গে সমাধানে পৌঁছান।
জোট সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, নির্বাচন কমিশনের আরপিও বিধি অনুযায়ী নিবন্ধিত দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বাধ্য হওয়ায় ছোট দলগুলো সমস্যায় পড়ে। এ অবস্থায় বিএনপি শরিক দলগুলোর সামনে দুটি বিকল্প রাখে—নিজ দলের প্রতীকে নির্বাচন অথবা দল বিলুপ্ত করে ধানের শীষ প্রতীকে নির্বাচন। এরই মধ্যে একটি দলের শীর্ষ নেতা নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
শনিবারই প্রার্থীতা চূড়ান্ত হওয়া নেতাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি স্থায়ী কমিটির বৈঠক থেকে জোট ও বিএনপির একাধিক আসনে পরিবর্তনের নির্দেশনা দেন। তিনি প্রার্থীদের নির্বাচনী মাঠে জোরালোভাবে নামার পরামর্শ দেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থীদের জন্য তিনজন পোলিং এজেন্ট, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেবে বিএনপি, যেখানে জোটসঙ্গী প্রার্থীদের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চ ও যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কয়েকটি আসন নিশ্চিত করা হয়েছে। পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর, ঝিনাইদহ-২ আসনে মো. রাশেদ খান, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা-১২ আসনে সাইফুল হক নাম শোনা গেলেও এ আসনে সাইফুল আলম নীরব কে রাখার চিন্তাও করছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি এবং বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না নির্বাচন করবেন।
এছাড়া বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে নেতাকর্মীদের অসন্তোষ ও বিক্ষোভের প্রেক্ষিতে কয়েকটি আসনে বিতর্কিত ও জনবিচ্ছিন্ন প্রার্থী বাদ দিয়ে নতুন মুখ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ-২, টাঙ্গাইল-৩, নোয়াখালী-৫, মৌলভীবাজার-১সহ আরও কয়েকটি আসনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তারা জানিয়েছেন, প্রার্থী তালিকার চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই খুব শিগগির ঘোষণা দেবেন।

