
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরে ফিউচার ক্যাডেট একাডেমির উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শেরপুর শহরের খরমপুরস্থ ফিউচার ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফিউচার ক্যাডেট মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক মো. খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেট ফয়সাল আহম্মেদ। এছাড়াও শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা ও শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে ফিউচার ক্যাডেট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সেরা শিক্ষার্থী নাফিউ হাসান তায়্যিবকে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ উপহার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী তারিক জামিল এবং তৃতীয় স্থান অর্জনকারী খালিদ সাইফুল্লাহ আয়ানকেও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রথম তেরোজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে। অভিভাবকরাও শেরপুরে এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ফিউচার ক্যাডেট একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

