
আকতারুজ্জামান-তানোর (রাজশাহী) :
রাজশাহীর তানোর উপজেলায় একই রাতে পৃথক দুটি স্থানে খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিন্দুকাই গ্রামে মোঃ তাবি (পিতা: মৃত রমজান আলী) এর খড়ের পালায় হঠাৎ আগুন ধরে যায়। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রায় ৭ বিঘা জমির খড়ের পালায় আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে প্রায় ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তারা প্রায় এক ঘণ্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে পুড়ে যাওয়া খড়ের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এর কিছুক্ষণ পর একই গ্রামের মোঃ মোস্তফা হোসেনের প্রায় ৩থেকে ৪ বিঘা জমির খড়ের পালায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে দুইটি অগ্নিকাণ্ডেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সৌভাগ্যবশত, এসব ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
একই রাতে দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

