
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের ফকিরবাসা মোড়ে রাস্তা সরলীকরণের নামে অপরিকল্পিত নকশা প্রণয়ন, অনৈতিক সুবিধা গ্রহণ এবং ক্ষতিপূরণ ছাড়াই স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) খুলনা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী এবং নিসচার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বক্তারা এবং জেলা প্রশাসক বরাবর পেশকৃত স্মারকলিপিতে অভিযোগ করা হয় যে, কপিলমুনি বাজারে রাস্তা সরলীকরণের বর্তমান পরিকল্পনাটি জনস্বার্থবিরোধী এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের দাবি, রাস্তাটি সোজা করার জন্য প্রাথমিকভাবে যে সঠিক প্ল্যানটি করা হয়েছিল, তা পরিবর্তন করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এবং কিছু দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তার যোগসাজশে প্রচুর অর্থের বিনিময়ে ‘নির্মাণ বিপণী’ নামক একটি চারতলা ভবনের মালিককে সুবিধা দিতেই মূল নকশা পরিবর্তন করা হয়েছে।
এর ফলে,রাস্তাটি সোজা হওয়ার পরিবর্তে আরও দুটি নতুন বিপজ্জনক বাঁক সৃষ্টি হয়েছে।. একটি চারতলা ভবন রাস্তার সামনে থেকে যাচ্ছে, যার ফলে রাস্তার দৃশ্যমানতা (Visibility) কমে যাবে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। প্রয়োজনের তুলনায় অনেক বেশি জমি অধিগ্রহণ করা হচ্ছে, যার মধ্যে মাদ্রাসা, বসতভিটা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরকারের প্রায় ৪ কোটি টাকা অতিরিক্ত গচ্চা যাচ্ছে। অথচ মূল নকশা বা ‘পেরিফেরি’ জায়গা (০.১০ একর) ব্যবহার করলে সরকারের এই বিপুল অর্থ সাশ্রয় হতো।
ভুক্তভোগীরা জানান, সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে অধিগ্রহণকৃত স্থাপনাগুলো ভাঙা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত জমির মালিক বা ক্ষতিগ্রস্তদের কোনো প্রকার ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদ অভিযানে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয় যে, বিষয়টি নতুনভাবে জরিপ করে যেন পূর্বের সঠিক ম্যাপ অনুযায়ী রাস্তা সরলীকরণ করা হয়। তারা অবিলম্বে এই অপরিকল্পিত, ব্যয়বহুল এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী প্রক্রিয়া বাতিল করে একটি নিরাপদ ও ঝুঁকিহীন সড়ক নির্মাণের দাবি জানান।
মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, “নিরাপদ সড়ক চাই” এর খুলনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসা: শিরিনা পারভীন,সহ- সাধারণ সম্পাদক ইরিন সুলতানা, সহ-সভাপতি আ: রহমান, খাইরুল ইসলাম জনি প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক কচি, কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুম বিল্লাহ ও এস এম হাসিবুর রহমান, সদস্য রিপন মোল্লা,মোঃ ডব্লিউ, মোঃ সুজন মোঃ রাকিব ফরাজী সহ খুলনা মহানগর, ও জেলা শাখার নেত্রীবৃন্দ। এছাড়া ভুক্তভোগী পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন , অ্যাডভোকেট দীপঙ্কর সাহা, গৌতম সাহা ,মেহেদী হাসান ,মুস্তাফিজুর রহমান পারভেজ ,জহির উদ্দিন বাবু, ইউনুস আলী, বরুণ শীল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

