
ধামইরহাট প্রতিনিধি :
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইএইচআরসি’র মানববন্ধন; ঢাকা প্রেসক্লাবের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংস্থার প্রচার সম্পাদক ও জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মুফতি মাওলানা মোঃ আসাদুজ্জামান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, “১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র (UDHR) গ্রহণ করে। সেই থেকেই ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস পালিত হচ্ছে। মানবাধিকার কোনো দয়া নয়; এটি মানুষের জন্মগত অধিকার। ধর্ম, বর্ণ, লিঙ্গ বা মতাদর্শ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান অধিকার পাওয়ার দাবিদার।”
তিনি মানবাধিকারের মৌলিক বিষয়গুলোর মধ্যে জীবন ও নিরাপত্তা, ন্যায়বিচার প্রাপ্তি, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, শিক্ষা-চিকিৎসা ও মানবিক জীবনযাপনের অধিকারসহ নারী, শিশু, সংখ্যালঘু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষার কথা উল্লেখ করেন। বক্তারা বলেন, উন্নয়নের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, বিচারহীনতা এবং দারিদ্র্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।আইএইচআরসি বাংলাদেশ ট্রাস্টের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান ও বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোঃ আনন্দ মহল সরকারের পরামর্শ ও দিকনির্দেশনায় সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে—
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ভুক্তভোগীদের সহায়তা প্রদান, মানবাধিকার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অংশগ্রহণ।
তিনি বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা শুধু রাষ্ট্রের নয়; পরিবার থেকে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশাসন—সবখানেই মানবিক মূল্যবোধ চর্চা জরুরি।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান ও বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আনন্দ মহল সরকার, চিত্রনায়ক তুহিন খান, জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, বিভিন্ন মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

