গাজীপুরের শ্রীপুরে ছাত্র ও যুবসমাজকে সংগঠিত করে নৈতিক ও সামাজিক মূল্যবোধ জোরদারের লক্ষ্য নিয়ে এক ছাত্র–যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুরের একটি স্থানীয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সমাবেশের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াত ইসলামী’র সিনিয়র নায়েবে আমির জনাব আব্দুল হাকিম।
সমাবেশে প্রধান অতিথি সালাউদ্দিন আইয়ুবী বলেন, “আগামীর বাংলাদেশ হবে নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধভিত্তিক বাংলাদেশ। তরুণরাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি।”
প্রধান আলোচক ডঃ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, “একদল চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করেছে; আরেক দলও একই ধরনের অপকর্মে জড়িয়েছে। আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।”
সমাবেশে বক্তারা শিক্ষার্থী ও যুবসমাজকে সুশিক্ষা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চার মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ছাত্র ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।