
সাইমন :
গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি আলোচিত মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি এসি প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনাল এলাকায় আনা হয়। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা বলয়।
হাজির হওয়া তিন সামরিক কর্মকর্তা হলেন—
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন,
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী,
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ গুম করে রাখাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে গ্রেপ্তার করে আদালতে আনা হয়েছে ডিজিএফআইয়ের সাবেক এই তিন পরিচালককে।
বাকি ১০ জন আসামি এখনও পলাতক।
মামলাটিকে ঘিরে জনসাধারণ ও মিডিয়ার নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে, যেখানে আজ দুপুরে শুনানি শুরুর কথা রয়েছে।

