
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যর্থতা নেই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,ভারি অস্ত্রগুলো বাহিরে নাই। তিনি আরও বলেন,অস্ত্র উদ্ধার হচ্ছে এবং হতে থাকবে।
বক্তব্যে তিনি বলেন, ভলান্টিয়াররা স্বেচ্ছাসেবক হিসেবে আজ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করছেন। এরই মধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা দুর্যোগ ব্যবস্থাপনায় বড় শক্তি হিসেবে কাজ করছে। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে,যা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি। যেকোনো সময় ভলেন্টিয়াররা ফায়ার সার্ভিসের পাশে থাকবে এ প্রত্যাশা তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ২২ জন বাছাইকৃত স্বেচ্ছাসেবীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের সাহসী ও নিরলস ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের দেশপ্রেম ও আন্তরিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

