
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে খুলনার দৌলতপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে তৌহিদুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মিলন মিস্ত্রির ছেলে। নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট ও মানিকতলার মধ্যবর্তী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
চিলাহাটি থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তৌহিদ সৎ মায়ের সংসারে পরিবার থেকে বিতাড়িত ছিল। পরিবার থেকে বাবা কিংবা অন্য কেউ তার কোনো খোঁজখবর নিত না। সে নিজে মাদকাসক্ত ছিল এবং মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আলম খান বলেন, আজ সকালে দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

