
তাসনিম মুহসিন-ঝিনাইদহ :
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিশিষ্ট নেতা হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জানের সদকাস্বরূপ দুটি ছাগল প্রদান করেছেন। এই মানবিক উদ্যোগটি নেওয়া হয় কালীগঞ্জে।
শুক্রবার সন্ধ্যায় শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফয়লা মহিলা কওমি মাদ্রাসা এতিমখানায় ছাগল দুটি হস্তান্তর করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এই ছাগল দুটি গ্রহণ করে শিক্ষক-শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।
ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক বলেন, “আমাদের মাদ্রাসার এতিম শিশুদের জন্য এ ধরনের দান অত্যন্ত কল্যাণকর। বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ যে উদ্দেশ্যে এই সদকা দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে সেই দোয়া কবুলের জন্য প্রার্থনা করছি। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। এতিম শিশুদের মুখে হাসি ফোটানো অনেক বড় সওয়াবের কাজ। আমি আবার হামিদের প্রতি কৃতজ্ঞ এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় সকলেই মুনাজাত করেছি।”
হামিদুল ইসলাম হামিদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি এই সামান্য উদ্যোগ নিয়েছি। আল্লাহ যেন তাঁর ওপর অশেষ রহমত বর্ষণ করেন এবং দ্রুত সুস্থতা দান করেন এই কামনাই করি।” তিনি আরও বলেন, “এতিমখানার শিশুদের মুখে সামান্য আনন্দের হাসি দেখতে পারাটাই আমার জন্য বড় পাওয়া। সমাজের সামর্থ্যবান সবাইকে এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”
বিএনপির এই বিশিষ্ট নেতার মানবিক ও রাজনৈতিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

