
নিজস্ব প্রতিনিধি :
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে দোয়া, শুভকামনা ও সহযোগিতা জানানো হচ্ছে, তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বার্তায় তিনি বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তি এবং বাংলাদেশের মানুষের উদ্বেগ, সহমর্মিতা ও আন্তরিক দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শুভকামনা ও সাহচর্য তাদের জন্য এক বড় মানসিক শক্তি।
তিনি আরও জানান, দেশবাসীর ভালোবাসা ও সম্মিলিত সমর্থনই তাদের পরিবারের প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছেন—এমন ঐক্য, সংহতি ও মানবিক অনুভূতির জন্য তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, “এই কঠিন সময়ে দেশবাসীর ভালোবাসা, সহমর্মিতা ও দোয়া আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করছে। আমরা সবার প্রতি চিরকৃতজ্ঞ।”

