
মোঃ রাজিউর রহমান-ভোলা :
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার বোরহানউদ্দিন আজ বুধবার উত্তাল হয়ে উঠেছে। দীর্ঘদিনের দাবি পূরণে কোনো বাস্তবধর্মী উদ্যোগ না দেখে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা বোরহানউদ্দিনের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে তালা ঝুলিয়ে প্রতীকী অবরোধ সৃষ্টি করেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিগত সরকারগুলো বারবার আশ্বাস দিলেও ভোলাবাসীর এই গুরুত্বপূর্ণ উন্নয়ন-দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলার স্বপ্ন নয়—এটি দক্ষিণবঙ্গের যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত খুলে দেবে।
অবরোধ চলাকালে আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। তারা ঘোষণা দেন, “সেতু চাই—নইলে ভোট নাই।” তাদের দাবি, এই সেতু নির্মাণে দেরি হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে পরিস্থিতিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বহু বছরের অবহেলা ও উন্নয়ন থেকে বঞ্চনার অভিযোগ তুলে তারা বলেন, ভোলা-বরিশাল সেতুর দাবি এখন মানুষের ন্যায্য অধিকার ও অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে।

