
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া স্থানীয় অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও সুধীজনরা।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

