
সাইমন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন তিনি।
অধ্যাপক জাহিদ বলেন, “গত তিন দিন—২৭, ২৮ এবং আজ ২৯ নভেম্বর—আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা একই পর্যায়ে রয়েছে। ডাক্তারি ভাষায় বললে, ‘শি ইজ মেইনটেইনিং দ্য ট্রিটমেন্ট’। অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন।”
তিনি আরও বলেন, এই চিকিৎসা যেন তিনি নিয়মিতভাবে গ্রহণ করতে পারেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য সবার দোয়া কামনা করছি।”
বিদেশে নেওয়ার প্রসঙ্গে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা, তা সম্পূর্ণ নির্ভর করছে তার সার্বিক শারীরিক অবস্থা, মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সুপারিশের ওপর। এ বিষয়ে সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। এরপর থেকেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

