
আশরাফুল আলম সরকার-বিষেশ প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে টার্গেট করে একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হয়েছেন এক স্থানীয় সাংবাদিক। বৃহস্পতিবার রাতে উপজেলার কাছম মার্কেট এলাকার পশ্চিমে সাঁতাইরাপাড়া মেইন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে তিনি মাদকসহ ভারতীয় চোরাচালানের একটি গাড়ির তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে অবস্থান নেন। ঠিক সেই সময় ৪টি মোটরসাইকেলে করে প্রায় ১২ জন তাকে ঘিরে ফেলে।
তার দাবি, কিশোর গ্যাংয়ের কথিত গডফাদার রাশেদুল ইসলাম রাসেল সরকার নেতৃত্বে থাকা বাহিনীর সদস্যরা ফিল্মি স্টাইলে হামলা চালায়। তাদের মধ্যে অন্তত পাঁচজনকে তিনি চিহ্নিত করতে সক্ষম হয়েছেন বলে জানান।
তিনি বলেন, “ভিডিও ধারণ করছিলাম। হঠাৎ চারদিক থেকে মোটরসাইকেল এসে আমাকে ধাক্কা দেয়। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে—এলাকায় নিউজ করবেন না।” সাংবাদিকের কাছে এ ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় পুলিশের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছেন।

