
নিজস্ব প্রতিনিধি :
শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫। ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে এবং এর কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে নরসিংদীকে।
ভূমিকম্পের কাঁপন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না; পার্শ্ববর্তী ভারতেও এর প্রভাব অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায়ও ভূমিকম্পের কেঁপানি ধরা পড়ে।
ভূমিকম্পের সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় সমবেত হন। স্থানীয়দের কথায়, ভূমিকম্পের কেঁপানি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এটি যথেষ্ট তীব্র ছিল। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূমিকম্পটি বাংলাদেশের অভ্যন্তরে উৎপন্ন হওয়ায় এর প্রভাব স্থানীয়ভাবে বেশি অনুভূত হয়েছে।

