
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধার বিশেষ অভিযানে বোরকার ভেতরে লুকিয়ে ফেন্সিডিল বহনের সময় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রংপুর–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসির গাইবান্ধা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশে থাকা দুই নারীর দেহ তল্লাশিতে বিশেষ কায়দায় বোরকার নিচে পেটে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় মোট ৫০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
১। মোছাঃ বেলি আক্তার (২৪), স্বামী– মেড রোহান ইসলাম, গ্ৰাম- উত্তর চেলোপাড়া, বগুড়া পৌরসভা।
২। মোছাঃ সায়না বেগম (৩২), স্বামী– মোঃ আকতার হোসেন,গ্ৰাম-কর্ণপুর বাগীচাটারী, মোগলহাট ইউনিয়ন, লালমনিরহাট।
অভিযানে প্রথম আসামির কাছ থেকে ২৫ বোতল এবং দ্বিতীয় আসামির কাছ থেকে ২৫ বোতল, মোট ৫০ বোতল (৫ লিটার) ফেন্সিডিল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
ডিএনসি জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

