
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ ফুটবল দল এশিয়া কাপ বাছাইপর্বে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে বাংলাদেশের ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বাংলাদেশের বিজয়কে উদযাপন করে বলেন, দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয় আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে অসাধ্যকে সম্ভব করা যায়।
তারেক রহমান আরও বলেন, মোরছালিনের শুরুতেই করা গোল এবং দলের অবিচল লড়াই দেশের লাখো মানুষের মনে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জাগিয়েছে। বাংলাদেশের ফুটবলাররা দেশের তরুণদের জন্য প্রেরণা এবং জাতীয় ক্রীড়া সংস্কৃতির দূত হয়ে উঠেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।

