
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ এক রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর দেশ–বিদেশে বিএনপি ও প্রবাসী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রায়ের সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশি বিএনপি নেতা–কর্মীদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও সন্তুষ্টির স্রোত বইছে।
প্রবাস থেকে প্রতিক্রিয়া জানিয়ে সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার বলেন,
“দীর্ঘদিন প্রবাস জীবনে থেকে অত্যাচার–নিপীড়নের বিরুদ্ধে আমরা আন্দোলন–সংগ্রাম চালিয়ে গেছি। আজকের ঐতিহাসিক রায় প্রবাসের নেতা–কর্মীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আমরা উচ্ছ্বাসিত, সন্তুষ্ট এবং বিশ্বাস করি—এই রায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি বড় পদক্ষেপ।”
তিনি আরও বলেন,
“প্রবাসে থেকেও আমরা বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। শেখ হাসিনা সরকারের সময়ে যারা অন্যায়–অত্যাচারের শিকার হয়েছেন, আজকের রায় তাদের আত্মার শান্তি এনে দেবে।”
রায় ঘোষণার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বিএনপি ও প্রবাসী কমিউনিটির নেতা–কর্মীরা একত্রিত হয়ে মোনাজাত, আলোচনা ও ক্ষুদ্র সমাবেশ করেছে বলে জানা গেছে। অনেক জায়গায় মিষ্টি বিতরণ ও স্বতঃস্ফূর্ত উদযাপনও দেখা গেছে।
বিএনপি নেতাদের ভাষ্য—দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও সংগ্রাম বিচার বিভাগের মাধ্যমে ন্যায়বিচারের দিকে এগোচ্ছে। রায়ের ফলে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রতিষ্ঠার একটি পথ তৈরি হলো বলে তারা মনে করছেন।
এস এম মিল্টন সরকার আশা প্রকাশ করেন, “বাংলাদেশের মানুষের রক্ত, অশ্রু ও আত্মত্যাগের যে মূল্য, তা আজকের রায়ের মাধ্যমে নতুনভাবে স্বীকৃতি পেল। আমরা চাই রায় দ্রুত কার্যকর হোক এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় থাকুক।”

