
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা–১৮ আসনের কর্ণধার এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকাওয়াচ২৪ ডটকম (Dhakawatch24.com) নামক একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন— উক্ত পোর্টালটি তাঁর মান–সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা, বানানো ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদে তাঁর বিরুদ্ধে মনগড়া চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “কিছু দুষ্কৃতিকারীর প্ররোচনায় এই অনলাইন পোর্টালটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এর পেছনে যে অসৎ মহলের ভূমিকা আছে তা স্পষ্ট। জনগণের কাছে আমাকে বিতর্কিত করার জন্যই এই মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ধরনের বানোয়াট সংবাদ প্রকাশ সংবাদপত্রের নৈতিকতা ও গণমাধ্যমের পেশাদার মানদণ্ডের পরিপন্থী। তাই সংশ্লিষ্ট পোর্টালের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এস এম জাহাঙ্গীর হোসেন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যেই এটি করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অনেকেই মনে করছেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

