
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সামিরুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। পরিবারের সাথে কাটাখালী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি বাস শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানান ওসি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

