
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকালে ঝিনাইদহ শহর দেখল এক জনসমুদ্র! একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবুর নেতৃত্বে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কস্হ দলীয় কার্যালয় থেকে যখন বর্ণাঢ্য র্যালিটি শুরু হলো, তখন শুধু একটি প্রশ্নই সবার মনে—এত মানুষ এলো কোত্থেকে!
বিকাল থেকেই শহর পরিণত হয়েছিল মানব-সাগরে। গ্রাম-গঞ্জ এবং দূর-দূরান্তের ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড র্যালিগুলো যখন মূল স্রোতে মিশে গেল, তখন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো আক্ষরিক অর্থেই জনস্রোতে ভেসে গেল। প্রতিটি মোড়ে মোড়ে ছিল নেতাকর্মীদের বাঁধভাঙা ভিড়।
‘ধানের শীষ’ প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক!
র্যালিটি শেষ হয় ঝিনাইদহ কেসি কলেজের সামনে থেকে ঘুরে শহরের পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের সহধর্মীর্নি জেলা বিএনপির সাবেক সদস্য মাহাবুবা রহমান শিখা, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যাদের বক্তব্যে ছিল আগামী দিনের রাজনীতির স্পষ্ট বার্তা।
সিনিয়র নেতারা বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের গভীর তাৎপর্য তুলে ধরেন এবং পথে পথে দলীয় নেতাকর্মীদের বিপ্লব ও সংহতি দিবসের র্যালীতে আসতে বাধা সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা জোর গলায় আহ্বান জানান, আগামী নির্বাচনে দলের সকল স্তরের নেতাকর্মীকে অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

