
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমিনুল হক বলেন,
“খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, এটি সমাজে ঐক্য, শৃঙ্খলা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতীয়তাবাদী ক্রীড়াদলের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলিতে অনুপ্রাণিত হয়।
আমিনুল হক আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে দলের ক্রীড়া সংগঠনকে আরও শক্তিশালী, সংগঠিত ও কার্যকর করে তুলবে, যা বিএনপির আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

