
দল যাকে মনোনয়ন দিয়েছে, ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার নির্দেশ তারেক রহমানের
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় ২৩৭টি আসনের প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক গুরুত্বপূর্ণ বার্তায় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন—
দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এবারে মনোনয়ন নিশ্চিত হয়নি, তারাও দলের অংশ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন।”
তারেক রহমান আরও কঠোরভাবে সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্তের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি একই সঙ্গে প্রার্থীদেরও সতর্ক করে বলেন, “যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তাদের প্রার্থিতা বাতিল করা হতে পারে।”
তিনি সবাইকে আহ্বান জানান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বজায় রেখে এলাকায় শৃঙ্খলাপূর্ণভাবে প্রচারণা চালাতে এবং নিজেদের দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে।

