
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। তিনি এ আসনের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
মনোনয়ন ঘোষণার পর থেকে তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিলেও দলীয় হাইকমান্ডের নির্দেশে কোনো ধরনের প্রকাশ্যে উল্লাস, মিছিল বা মিষ্টি বিতরণ হয়নি। তবে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করছেন।
জেলা বিএনপির সদস্য ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, “স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী-১ আসনে দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। দল থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে—কোনো ধরনের উল্লাস বা আনুষ্ঠানিক মিষ্টি বিতরণ করা যাবে না।”
তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, “এই মনোনয়ন শুধু দলের নয়, তানোর-গোদাগাড়ী অঞ্চলের মানুষের উন্নয়নের মনোনয়ন। ব্যারিস্টার আমিনুল হকের পরিবার সবসময় বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের দেশনায়ক তারেক রহমানও সে বিষয়টির স্বীকৃতি দিয়েছেন। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নামতে হবে।

