
সাইমন :
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি।
রবিবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগামী সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি প্রাথমিকভাবে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে, পরে ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
এ লক্ষ্যে সম্প্রতি তিনশ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সব মিলিয়ে প্রায় দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী ওই আলোচনায় অংশ নেন।
দলের নীতিনির্ধারকরা জানান, প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীদের পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

