
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের কাজের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে এক দিনমজুরকে হাত-পা বেঁধে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মহাজনের বিরুদ্ধে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার সরসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী দিনমজুর শনিবার মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া শ্রমিক হাট থেকে মিফুল (৩৩) নামের এক দিনমজুরকে দৈনিক ৫০০ টাকা মজুরির কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসেন সরসপুর গ্রামের কানাই মৃধার ছেলে গোলাম মৃধা (৪৫)। পরে রাতের খাবারের পর তাকে ঘরে ঘুমাতে দেন। দিনমজুর ঘুমিয়ে পড়লে গোলাম মৃধা হাত-পা বেঁধে বলাৎকারের চেষ্টা করেন।
হঠাৎ ঘুম ভেঙে গেলে ভিকটিম আত্মরক্ষার চেষ্টা করলেও, অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন সকালে ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই বিষয়ে মহাজনের সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে, তার ঘনিষ্ঠ জনরা বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি খোঁজখবর নিয়ে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করেন তারা।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়ে দ্রুত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে অভিযুক্ত গোলাম মৃধা পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

