
সাইমন :
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিপ্লব নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ওসমান (মাসুম) বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় পাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। বিপ্লব বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।”
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আহত বিপ্লবের কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল।
নিহত রাসেল পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
এসআই মাসুম আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পেপার বাবু ও মোবারক নামের দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”

