
নিজস্ব প্রতিবেদক :
৩১ তারিখ শুক্রবার রাত ৮ ঘটিকার সময়, সাভারের হেমায়েতপুর এলাকায় এক ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনগণ। তিনি নিজেকে বহুল আলোচিত পত্রিকা যায়যায়দিনের একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ফুটপাতের দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করেন। আটককৃত ব্যক্তি আলী রেজা রাজু নামে পরিচিত, যিনি যায় যায় দিন পত্রিকার (কথিত) সাংবাদিক হিসেবে পরিচিতি দাবি করেন, খোঁজ নিয়ে জানা যায় যায় দিন পত্রিকায় এই নামে কোন সংবাদ কর্মী কর্মরত নেই।
আরো জানা যায়, আলী রেজা রাজু স্থানীয় কয়েকটি দোকানে গিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করতে শুরু করেন। তিনি বলেন, “আমি সাংবাদিক, আমাকে প্রতিদিন সব দোকান থেকে টাকা দিতে হবে দোকানদাররা বলেন আপনাকে আমরা টাকা দিব কেন দোকানদারদের হুমকি দিয়ে বলেন টাকা না দিলে দোকান করতে পারবেন না ” তবে, দোকানদারদের সন্দেহ হলে তারা বিষয়টি স্থানীয় বাসিন্দাদেরকে জানায়। পরে স্থানীয় জনগণ তাকে ধরে তার পরিচয় চাইলে সে সাংবাদিকতার কোনো পরিচয় দিতে পারে না।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভুয়া সাংবাদিকরা প্রায়ই এ ধরনের অপরাধমূলক কাজের মাধ্যমে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, সাভারে এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাংবাদিকতার মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা একে অনতিবিলম্বে রোধ করার জন্য প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাভার থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “যে কোনো ধরনের ভুয়া সাংবাদিকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা।”
এছাড়া, ওই “সাংবাদিক” নিজেকে কোনো পত্রিকার সদস্য হিসেবে পরিচয় দিলেও, তার নাম ও পরিচয় যাচাইয়ে সন্দেহ দেখা দিয়েছে। স্থানীয়রা এই ঘটনার বিষয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর, সাভারসহ আশপাশের এলাকায় সাংবাদিকদের পরিচয় যাচাইয়ের গুরুত্বও বেড়ে গেছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের অপরাধ কমানোর আশাও করছেন তারা।

