
মোঃ গোলাম রব্বানী :
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনার রূপসা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হেলালের সমর্থকরা পারভেজ মল্লিককে অবরুদ্ধ করে রাখে এবং গণসংযোগস্থলের চেয়ার ভাঙচুর করে। এ সময় ছয়-সাতজনকে পিটিয়ে আহত করা হয়। গতকাল রূপসা উপজেলার কাজদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জানান, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা-৪ আসনে ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী ছিলেন হেলাল। এবারও তৎপরতা চালাচ্ছেন। আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে তৎপর পারভেজ। এ আসনের বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতাকর্মী হেলালের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে রূপসা উপজেলা সদরে আসার কথা ছিল পারভেজ মল্লিকের। তাঁকে স্বাগত জানাতে তাঁর সমর্থকরা কাজদিয়া বাজারে ওবায়দুল ফার্মেসির সামনে অবস্থান নেন। এ সময় হেলালের সমর্থকরা পারভেজ মল্লিকের সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিএসবি ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদুল ইসলাম বলেন, হেলাল ভাইয়ের সমর্থনে মিছিল করার সময় হেলাল ভাইকে উদ্দেশ্য করে কতিপয় যুবক বাজে মন্তব্য করে। এর প্রতিবাদ করায় পারভেজ মল্লিক সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।’
পারভেজ বলেন, ‘সম্পূর্ণ বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে আমার কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।’

