
গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্স জাতীয়তাবাদী যুবদল এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আহমেদ মালেক এবং সঞ্চালনা করেন নাসিম আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের কর্ণধার এস এম মিলটন সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগঠন, যা দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখে আসছে। যুবদলই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিশালী ভিত্তি এবং তরুণ প্রজন্মের আশার প্রতীক।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এস এম মিলটন সরকার বলেন —
“যুবদল হলো দেশের সংগ্রামী তরুণদের একটি আদর্শিক পরিবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা গণতন্ত্র, উন্নয়ন ও দেশপ্রেমের রাজনীতি এগিয়ে নিয়ে যাবো।”
তিনি আরো বলেন, প্রবাসে থেকেও তিনি সবসময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সঙ্গে যুক্ত থেকেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এস এম মিলটন সরকার ঘোষণা দেন, আগামী ৭ই নভেম্বর ২০২৫ ইং তারিখে তিনি বাংলাদেশে ফিরে গাজীপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর-৩ আসনে তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন।
তার নির্বাচনী প্রতিশ্রুতিতে রয়েছে — গাজীপুরকে একটি আধুনিক, নিরক্ষর-মুক্ত, কর্মসংস্থানমুখী ও প্রযুক্তিনির্ভর স্মার্ট এলাকা হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, “আমি গাজীপুরকে এমন একটি জনপদে রূপান্তর করতে চাই যেখানে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়ন হবে মানুষের অধিকার।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এস এম মিলটন সরকারের নেতৃত্বে যুবদলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

