
নূর আলম সিদ্দিকী-নীলফামারী :
দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চার হাজার ২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত ওই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের সম্ভাব্যতা যাচাইয়ে রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বর্তমান সরকারের অতিরিক্ত সচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এডিবি উইং চীফ এস এম জাকারিয়া হক ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হুই ইউন জিওং এর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা কারখানার বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন।
দলটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিবির প্রিন্সিপাল ফাইনান্সিয়াল সেক্টর অফিসার মারুফ হোসাইন, সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান) অমিত দত্ত রায়, অ্যাসোসিয়েট ওয়াটার রিসোর্স অফিসার সোহেল রানা, অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার (এনার্জি) মশিউর রহমান, সিনিয়র অপারেশন অ্যাসিস্ট্যান্ট নাশিয়াত আল সাফওয়ানা চৌধুরী ও অপারেশন অ্যাসিস্ট্যান্ট দিপা হেমব্রোম।
তারা কারখানার বগি ও ওয়াগন এবং ক্যারেজ কনস্ট্রাকশন শপসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। পরে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ ও ওয়ার্কস ম্যানেজার (ডব্লিউ এম) মমতাজুল হক কারখানার সার্বিক কর্মকান্ড ও উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
ডিএস শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, কারখানার দুইটি উপ-কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত ৪ হাজার ২০০ কোটি টাকার প্রকল্পে অর্থ বরাদ্দের সম্ভাব্যতা যাচাই করতেই এডিবি প্রতিনিধিরা এসেছেন। আমাদের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়িত হলে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ও অবকাঠামোতে যুগান্তকারী উন্নয়ন সাধিত হবে।
এরআগে সকালে এডিবির প্রতিনিধি দলের সদস্যরা সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস শাহ সুফি নুর মোহাম্মদ ও ওয়ার্কস ম্যানেজার মমতাজুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

