
ডিভাইস আটকের অভিযোগে গাইবান্ধায় এসপি, ওসি সহ ৩ জনের বিরুদ্ধে মামলা।
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
অন্যায়ভাবে মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করার অভিযোগে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার ও তারেকুজ্জামান তুহিন এই তিনজনের নামে মামলা দায়ের করেছেন সাবেক সহকারী উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের স্ত্রী।
যাহার সি আর মামলা নম্বর – ১৩৫৩/২০২৫ (গাইবান্ধা সদর), তারিখ – ২২/১০/২৫
বুধবার (২৩ অক্টোবর) গাইবান্ধা জেলা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী মনিরুজ্জামানের স্ত্রী অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ মার্চ তার স্বামী এসআই মনিরুজ্জামানকে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা তাঁর কার্যালয়ে ডেকে নেন।
পরে মনিরুজ্জামানের এক আত্মীয়ের মৌখিক অভিযোগের কথা বলে পুলিশ সুপার তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটক রেখে দেন। দীর্ঘ সময় পার হলেও ডিভাইসগুলো ফেরত দেওয়া হয়নি। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, আইনগত কোনো কারণ বা লিখিত নির্দেশ ছাড়াই ওই ডিভাইসগুলো জব্দ করা হয়, যা বেআইনি এবং একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী।
মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সদর থানার ওসি শাহিনুর ইসলাম ও পুলিশের আরেক সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, “বিষয়টি আদালতে গিয়েছে, আইনি প্রক্রিয়ায় সব কিছু পরিষ্কার হবে।”
তবে মামলার বাদীপক্ষের দাবি, “আমরা আইনের আশ্রয় নিয়েছি। একজন কর্মকর্তার সঙ্গে এমন আচরণ প্রশাসনিক সীমারেখা অতিক্রম করেছে।”
ঘটনাটি নিয়ে গাইবান্ধা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য:
এসআই মনিরুজ্জামান বর্তমানে জয়পুরহাট জেলায় কর্মরত রয়েছেন।
সূত্র: জেলা আদালত, স্থানীয় প্রশাসন ও মামলার এজাহার অনুযায়ী সংগৃহীত তথ্য।

