
এস আলম ও পরিবারের ৮০০ কোটি টাকার শেয়ার জব্দের নির্দেশ
২০ অক্টোবর, ২০২৫
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সহযোগীদের মালিকানাধীন ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ২৮৬টি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দম কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
দুর্নীতির অভিযোগে করা মামলায় দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক এসব শেয়ার জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে এস আলম ও তার সহযোগীরা এসব শেয়ার অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছিলেন। এটা ঠেকাতে আদালতের নির্দেশ প্রয়োজন।
এর আগে, গত ৯ জুলাই একই আদালত দুর্নীতির অভিযোগে এস আলম গ্রুপ চেয়ারম্যান, তার পরিবার ও সহযোগীদের নামে ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন।

