
মোঃ আবুল কালাম
নবীনগর মনবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরের সিঁধ কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু। শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম মোঃ ওমর ফারুক মিয়া (২৮)। তিনি মহেশপুর গ্রামের মোঃ জাকির হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের চালু খন্দকার মিয়ার ছেলে খায়রুল গভীর রাতে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে খায়রুল পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত ওমর ফারুক ও খায়রুল একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় জড়িত খায়রুলকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্ধুত্বের দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
