
সৈয়দ রুবেল-নড়াইল :
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬)। তারা স্থানীয় কৃষক ইকরামুল মোল্যার সন্তান এবং বি. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। এসময় দুই শিশু সেখানে খেলছিল। কিছুক্ষণ পর বাবা তাদের বাড়ি যেতে বলে বাজারে চলে যান। কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে মায়ের অগোচরে পুকুরে গোসল করতে নামে। গভীর পানিতে নেমে তারা ডুবে যায়।
দীর্ঘ সময় সন্তানদের দেখতে না পেয়ে মা রোকাইয়া বেগম খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঘেরের পানির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,“সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

