
সাইমন :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে সামরিক মর্যাদায় বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে তার ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
ফিউনারেল প্যারেড হলো কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর আয়োজিত আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান, যেখানে সহকর্মীরা শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানান।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণকালীন সময়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায়। গুরুতর আহত অবস্থায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বিকেল পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) দৈনিক জন জাগরণ প্রতিনিধিকে জানিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে বড় ধরনের প্রাণহানি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় সরিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ৭৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

