
সৈয়দ রুবেল-নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক কৃষক ও তার ছেলে নাহিদ শেখ (৩০) নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শেখ ওই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। নিহত নাহিদ শেখ তারই সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শেখ ও একই গ্রামের মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদ শেখকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
হামলার পর ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখ মারা যান। গুরুতর আহত অবস্থায় নাহিদ শেখকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনিও মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”

